শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বলেন, ১৯৫২ সালে আমাদের দেশের ভাষা-সৈনিকরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় রক্ত দিয়েছিলেন। মাতৃভাষা আমাদের অধিকার ও চেতনার প্রতীক। তিনি আরো বলেন, মাতৃভাষার পাশাপাশি সকল ভাষার প্রতিও আমাদের সম্মান প্রদর্শন করতে হবে এবং ভাষা আন্দোলনের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীজ বপন করেছিল। সেই চেতনা ধারণ করেই বাঙালি জাতি এগিয়ে চলেছে। মাতৃভাষাকে টিকিয়ে রাখতে হলে আমাদের নিজস্ব আঞ্চলিক ভাষা চর্চার পাশাপাশি শুদ্ধ বাংলার ব্যবহারেও গুরুত্ব দিতে হবে।
এছাড়াও সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।