৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর-এর উদ্যোগে আজ অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মান্নান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সৃষ্টির আদিকাল থেকেই নারী ও পুরুষ একসাথে সমাজ ও সভ্যতা গঠনে কাজ করে আসছে। বর্তমান সময়েও শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই সমাজের সার্বিক উন্নয়নের জন্য নারী ও পুরুষকে সমানভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর-এর সুব্রত বিশ্বাস, অ্যাডভোকেট স্বপ্না। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম, কক্সবাজার চেম্বার অব কমার্স-এর জাহানারা ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান।
এছাড়াও অনুষ্ঠানে নারী উদ্যোক্তা সংগঠনের সভাপতি এবং কক্সবাজারের বিভিন্ন নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভায় নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।