কক্সবাজারে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে নিরস্ত্র বাঙালির ওপর নেমে আসে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ। তিনি বলেন, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস ও পিলখানাসহ রাজধানীর বিভিন্ন স্থানে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। এটি ছিল একটি জাতিকে নিশ্চিহ্ন করার সুপরিকল্পিত নীলনকশা।
তিনি সেই ভয়াল কালরাতের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে গণহত্যা দিবসের ইতিহাস সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উদ্যোগে দিনটি পালনের অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিট প্রতীকী অন্ধকার কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় আনুষ্ঠানিক কুচকাওয়াজ এবং সন্ধ্যা ৬টায় লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত সকল কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানান জেলা প্রশাসক।