মহান মে দিবস উদ্যাপন উপলক্ষ্যে কক্সবাজারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত ” এ প্রতিপাদ্যে আজ জেলা প্রশাসন এবং জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কক্সবাজার জেলার ৭ জন শ্রমিকের পরিবারের চিকিৎসা ও সন্তানদের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মো: মোর্তজা মোর্শেদ। এসময় বক্তব্য রাখেন,পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান,জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মো: শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহিদুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে জাতীয় উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে।