কক্সবাজারের প্রান্তিক অঞ্চলের মানুষের জীবনযাপন নানা চ্যালেঞ্জে ভরপুর। সীমিত সুযোগ-সুবিধা, আর্থিক সংকট আর সামাজিক বাধা পেরিয়ে অনেকেই প্রতিদিন সংগ্রাম করে টিকে থাকেন। এরই মধ্যে এক গৃহিণীর জীবন বদলের গল্প তুলে এনেছে রেডিও সৈকত টিম।
স্থানীয় এই নারী একসময় ছিলেন সাধারণ গৃহিণী। সংসারের কাজেই সীমাবদ্ধ ছিল তার দিনযাপন। তবে সময়ের সাথে সাথে নিজের অবস্থার পরিবর্তনের ইচ্ছা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা জোগায়। সেই পথচলায় সহায়ক হয়ে দাঁড়ায় কোস্ট ফাউন্ডেশনের RHL প্রকল্প। এই প্রকল্পের আওতায় তিনি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেয়ে সবজি চাষ, মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকান্ডে যুক্ত হন। ধীরে ধীরে তার পরিশ্রম সফলতায় রূপ নিতে শুরু করে।
বর্তমানে তিনি শুধু নিজের পরিবারের খরচেই নয়, আর্থিকভাবে সহযোগিতা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি জানান, আগে কখনো ভাবিনি আমি এভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবো। এখন আমি সংসারের পাশে দাঁড়াতে পারছি, এটা আমার জন্য অনেক বড় অর্জন।