আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উপলক্ষে “প্রকৃতির যত্নে গ্রামীণ নারী কৃষক” প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ নারীদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার, সমাজ ও কৃষি উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতে রেডিও সৈকতের গৃহিণী শ্রোতা ক্লাবে এই আলোচনা সভার আয়োজন হয়েছে।
শ্রোতা ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজিত এ আলোচনায় স্টেশন ম্যানেজার উম্মে হানি জেরিন গ্রামীণ নারীদের জীবনযাত্রা, অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক মর্যাদার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি কৃষি ও খাদ্য উৎপাদন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রামীণ নারী কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় তিনি আরো বলেন, গ্রামীণ নারীরা শুধু পরিবার পরিচালনা ও জীবিকা নির্বাহেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন না, বরং কৃষিকাজ, বীজ সংরক্ষণ, ফসল উৎপাদন, গবাদিপশু পালন এবং প্রকৃতির যত্ন নেওয়ার মাধ্যমেও টেকসই উন্নয়নে অবদান রাখেন। তাঁদের এই শ্রম, দক্ষতা ও অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
রেডিও সৈকত বিশ্বাস করে, কমিউনিটি রেডিও কেবল তথ্য ও বিনোদনের মাধ্যম নয়; এটি জনসচেতনতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন সাধনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। গৃহিণী শ্রোতা ক্লাবের এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ নারীদের অধিকার, সমস্যা, সম্ভাবনা, কৃষিতে তাঁদের অবদান এবং পরিবেশ সংরক্ষণে তাঁদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে।
গ্রামীণ নারী কৃষকের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত হোক; প্রকৃতির যত্নে তাঁদের অবদান স্বীকৃতি পাক। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে গড়ে উঠুক পরিবেশবান্ধব, টেকসই, সমতাভিত্তিক ও সমৃদ্ধ সমাজ—এটাই আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬-এর প্রত্যাশা।