কক্সবাজারভিত্তিক কমিউনিটি রেডিও রেডিও সৈকত–এর উপদেষ্টা কমিটির সভা গত ৮ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, কক্সবাজারের সহকারী কমিশনার (শিক্ষা) মোঃ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার, কক্সবাজারের আঞ্চলিক পরিচালক আশরাফ কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসাইন, সহকারী তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ইউসুফ, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. টিপু চন্দ্র শীল, সহকারী আবহাওয়াবিদ মোঃ আব্দুল হান্নান, অ্যাডভোকেট সাকি-এ-কাউসার এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক ইমাম খায়েরসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম, হেড-জেন্ডার, পিএসইএ, ট্রেইনিং ও কমিউনিটি রেডিও তাহরিমা আফরোজ টুম্পা এবং রেডিও সৈকতের কলাকুশলীরা।
সভা শুরু হয় কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। তিনি কোস্ট ফাউন্ডেশন ও রেডিও সৈকতের বিভিন্ন কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন। এরপর রেডিও সৈকতের স্টেশন ম্যানেজার রেডিও সৈকতের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যেখানে রেডিওর বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরা হয়। প্রেজেন্টেশনের শেষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে পর্বটি সমাপ্ত হয়।
প্রেজেন্টেশনের পর প্রধান অতিথি মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (শিক্ষা) তার বক্তব্যে বলেন, রেডিও সৈকতের অনুষ্ঠান এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তিনি আরও বিস্তৃতভাবে জানতে আগ্রহী। তিনি উল্লেখ করেন, রেডিওর অনুষ্ঠানগুলো যদি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচার করা হয়, তবে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে আলাপচারিতা অনুষ্ঠান আয়োজন করা হলে সাধারণ মানুষ সরকারি সহায়তা ও সেবাসংক্রান্ত তথ্য সহজে জানতে পারবে। পাশাপাশি তিনি ইংরেজি ও গণিতসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সাপ্তাহিক শিক্ষামূলক অনুষ্ঠান চালুর পরামর্শ দেন, যা শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
ডা. টিপু চন্দ্র শীল উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, এ ধরনের একটি গ্রুপ থাকলে কমিটির সদস্যরা সবাই একসঙ্গে যুক্ত থেকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দিতে পারবেন। পাশাপাশি রেডিও সৈকতের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করাও সহজ হবে। তিনি আরও বলেন, “যত বেশি প্রচার হবে, তত বেশি প্রসার হবে।” তাই সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিও সৈকতের বিভিন্ন কার্যক্রম ও তথ্য প্রচার আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সহকারী আবহাওয়াবিদ মোঃ আব্দুল হান্নান তার বক্তব্যে জানান, তিনি নিয়মিত রেডিও সৈকতের অনুষ্ঠান শোনেন। তিনি বলেন, মার্চ মাসের শেষের দিকে তাপপ্রবাহ বাড়তে পারে এবং এ বিষয়ে তিনি আগাম পূর্বাভাস দেবেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে গরমের সময় মানুষ কীভাবে সচেতন থাকবে সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান তৈরি করা হলে তা মানুষের জন্য খুবই উপকারী হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসাইন বলেন, তাদের অধিদপ্তর ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক আয়মুখী প্রশিক্ষণ প্রদান করে থাকে। তবে এসব কার্যক্রমের প্রচারণা এখনও সীমিত। তিনি মনে করেন, রেডিও সৈকত যদি এসব প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে নিয়মিত প্রচার-প্রচারণা চালায়, তাহলে কক্সবাজারের মানুষ এ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। এর ফলে তরুণরা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
ইমাম খায়ের বলেন, কক্সবাজারের মানুষ কেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে, সেই বিষয়টি অনুসন্ধান করে বিশেষ অনুষ্ঠান তৈরি করা উচিত। তিনি আরও বলেন, কক্সবাজারের যেসব মানুষ উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, তাদের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা গেলে তা তরুণ প্রজন্মের জন্য একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক প্ল্যাটফর্ম তৈরি করবে।
বাংলাদেশ বেতার কক্সবাজার-এর আঞ্চলিক পরিচালক আশরাফ কবির বলেন, স্বল্প সময়ের মধ্যে সীমিত জনবল নিয়ে নির্বাচনকে ঘিরে রেডিও সৈকত যে গ্রাফিক্স ভিডিও ও বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, কক্সবাজারের প্রেক্ষাপটে রেডিও সৈকত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করছে। তাদের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম তিনি নিজেও দেখেন এবং এসব উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে।