কক্সবাজারে হাম রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন। রেডিও সৈকতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট ৫৩ জন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নমুনাগুলো ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে ২৮ জনের রিপোর্ট পজিটিভ (IgM) এসেছে, যা হাম রোগ নিশ্চিত করে।
তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় হেলথ ভিজিটরদের মাধ্যমে উঠান বৈঠক ও মা সমাবেশ আয়োজন করা হচ্ছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে হোম ভিজিট করে সম্ভাব্য রোগী শনাক্তের চেষ্টা চলছে।
এছাড়া যারা এখনও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেনি, তাদের তা খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। সিভিল সার্জনের মতে, গত বছরের তুলনায় চলতি বছরে হাম রোগের প্রকোপ কিছুটা বেশি।
হাম রোগের লক্ষণ সম্পর্কে তিনি বলেন, প্রথমে হালকা জ্বর দিয়ে শুরু হয়ে পরে তীব্র জ্বর, সর্দি, নাক দিয়ে পানি পড়া, শুকনো কাশি, চোখ লাল হওয়া (কনজাংটিভাইটিস) এবং গলা ব্যথা দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।