কক্সবাজারের লাবণী পয়েন্টে অবস্থিত এসএসকে উর্মি বীচ পয়েন্ট থেকে শুরু হওয়া এ আয়োজনে ৫ ও ১০ কিলোমিটার—দুইটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫ কিলোমিটার ক্যাটাগরিতে ২৭০ জন এবং ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৫২৯ জন দৌড়বিদ অংশ নেন। মনোরম সমুদ্রসৈকতের পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির লে. কর্নেল ও এসএসকে উর্মির পরিচালক কাজী মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আল্ট্রা ম্যারাথনার ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও রেস ডিরেক্টর এস. এম. সাদেক।
আয়োজকরা জানান, এটি তাদের পঞ্চম রানিং ইভেন্ট। এর আগে তারা কক্সবাজার রান, ভিক্টরি ডে হাফ ম্যারাথন এবং কক্সবাজার ম্যারাথন সফলভাবে আয়োজন করেছে। আগামী ১৪ নভেম্বর ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ম্যারাথন’ আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিশ্বের কাছে কক্সবাজারকে একটি স্বাস্থ্যবান্ধব, পর্যটনসমৃদ্ধ ও রানিং-ফ্রেন্ডলি শহর হিসেবে তুলে ধরাই তাদের লক্ষ্য।