“বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা এবং উদ্ভাবনী সমাধান” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কক্সবাজারে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, মাদকের ভয়াবহ কুপ্রভাব থেকে সমাজকে মুক্ত করতে জেলায় আরও মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ৬৪ বিজিবি উখিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা এবং পারিবারিক মূল্যবোধ গড়ে তোলাও জরুরি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে সচেতন করতে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।