বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, কক্সবাজার এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। এছাড়া জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনার লক্ষ্য শুধু জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়; বরং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবারের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং একটি সুস্থ, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা। তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সুগম হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, দেশের উন্নয়নে দক্ষ, সুস্থ ও সচেতন তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সম্ভাবনার বিকাশে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর শামীমা আক্তার বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং দেশের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি আরও বলেন, কক্সবাজারে বাল্যবিবাহ এখনো পুরোপুরি নির্মূল হয়নি। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগ জোরদার করা জরুরি।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম হেলালী বলেন, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা-সংক্রান্ত জাতীয় লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।