বৃহস্পতিবার সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, স্থানীয় সরকার, কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারী, জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর, জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলম এবং ছাত্র প্রতিনিধি সাহেদ, আলমগীর ও রবিউলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বীরত্ব, আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।